চলতি বছরেই ঢাকার রাস্তায় চলবে ১০০ ইলেকট্রিক বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, চলতি বছরেই ঢাকা নগর পরিবহনের বহরে যুক্ত করা হবে ১০০টি ইলেকট্রিক বাস।

মঙ্গলবার (৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান তিনি।

মেয়র তাপস বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই মূলত চলতি বছরের মধ্যে ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি ইলেকট্রিক বাস বিআরটিসির মাধ্যমে সংযোজন করা হবে। যার মাধ্যমে আমরা একটি পরিবেশবান্ধব শহর উপহার দিতে পারবো। এর মাধ্যমে আমরা বায়ু দূষণের যে তকমা শুনি তা থেকেও ধীরে ধীরে মুক্ত হতে পারবো। এছাড়া নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

342951890_237402198869268_401511945631029989_n

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহর থেকে দ্রুত আন্তঃনগর বাস কাউন্টার সরানো হবে। ঢাকার চারপাশে চারটি বাস কাউন্টারের কাজ চলছে। সব বাসগুলোকে একটা কোম্পানির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির আওতায় পুরাতন কোন বাস চলবে না। সব নতুন বাস নামানো হবে।

সভায় জানানো হয়, ২১ নম্বর রুট ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ট্রান্স সিলভার বাস চলাচল করে। ‌শর্ত ভঙ্গ করায় এসব বাস জব্দ করা হবে। সভায় বাস রুট রেশনালাইজেশন কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।