ভুয়া ডিবি পরিচয়ে কৃষক অপহরণ, ইউপি মেম্বার গ্রেপ্তার  

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভুয়া ডিবি পুলিশ সেজে কৃষক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি মামলায় রফিকুল ইসলাম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিকুল ইসলাম আলমবিদিতর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

মঙ্গলবার (৯ মে) সকালে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর আগে সোমবার (৮ মে) বিকালে আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে গঙ্গাচড়া থানা পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে একই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল রাত ১টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামের নূর ইসলাম আপাছের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত ৭ জন যুবক ঢুকে তার ছেলে  কৃষক সোনা মিয়াকে মারধর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে সোনা মিয়ার প্রতিবেশী সুরুজ মিয়ার মাধ্যমে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওই রাতেই পার্শ্ববর্তী নোহালী ইউনিয়নের একটি চাতাল থেকে সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ১০ এপ্রিল অজ্ঞাত অপহরণকারীদের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় অভিযোগ দায়ের করেন সোনা মিয়ার বাবা নূর ইসলাম।