সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে মা ও নবজাতক কন্যা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছের আরও ৫ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে তালা উপজেলার মির্জাপুর শ্মশানঘাট নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার একদিন বয়সী নবজাতক কন্যা।
নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা ডেলিভারির পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেওয়া হচ্ছিল তাদের। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রী ও নবজাতকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা আড়াইটার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতক কন্যার মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আরও ৫/৬ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে খুলনায় দিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।