কৃষকের ধান কেটে দিল হাবিপ্রবি ছাত্রলীগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী সুবড়া গ্রামের এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে হাবিপ্রবি ছাত্রলীগের একাংশের নেতা আলমগীর হোসেন আকাশ ও তার অনুসারীরা।

বুধবার ( ১০ মে ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সুবড়া গ্রামে এক কৃষকের ২০ শতাংশ জমির ধান কাটেন। 

শারীরিক অসুস্থতা ও অর্থের অভাবে নিজ জমির ধান কাটতে পারছিলেন না মো দুরুল হুদা । তিনি বলেন, আমি অর্থের অভাবে পাকা ধান কাটতে পারছিলাম না। আমার সমস্যার কথা জানার পর আলমগীর হোসেন আকাশ ও তার অনুসারীরা আমার ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে । এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ।

এ বিষয়ে আলমগীর হোসেন আকাশ বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে অর্থ অভাবে ধান কাটতে না পারা দুরুল হুদার পাশে আমরা দাঁড়িয়েছি । ছাত্রলীগের নির্দেশনায় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যহত থাকবে৷

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে খেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আহ্বান ও অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, ‘ছাত্রলীগের সংকল্প, অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে।’