মাদকের কারবার নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সৈয়দ মিয়া নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত সৈয়দ মিয়া চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকার দুই নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকার মাদকের কারবার থেকে শুরু করে নানা অপরাধের নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য বজলুর রহমান বজলু। বজলু মারা যাওয়ার পর থেকেই চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, রায়হান গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ উঠেপড়ে লাগে। তারই জেরে চনপাড়া দখলকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরেই ঐ সব গ্রুপ আলাদাভাবে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া দিয়ে আসছে। এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। শুধু জয়নালের বিরুদ্ধেই হত্যাসহ নানা অপরাধের অভিযোগে ২৮টি মামলা রয়েছে। এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না, প্রতিবাদও করে না। গতকাল বিকাল পৌনে ৩টার দিকে হঠাত্ করে জয়নাল গ্রুপের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় উভয়ের গ্রুপের বেশ কয়েক জন এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে সৈয়দ মিয়া নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হন। এছাড়া আরো বেশ কয়েক জন আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গুলিবিদ্ধ সৈয়দ খানের ছেলে জুলহাস খান জানান, তাদের বাসা চনপাড়ায়। তার বাবা একজন দিনমজুর। এলাকায় ইট ভাঙার কাজ করেন। তার বাবা সকালে বাসা থেকে বের হয়ে একই এলাকায় কাজে যান। দুপুরে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। চনপাড়া দুই নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে আচমকা গুলিবিদ্ধ হন তিনি। তিনি আরো জানান, যতটুকু শোনা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। আজকেও এলাকায় ঐ দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার বাবা গুলিবিদ্ধ হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জের চনপাড়া থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিত্সা চলছে।