মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ১৯৯৩ সালে সিনেমায় নায়ক হিসেবে চিত্রনায়ক আমিন খানের অভিষেক হয়। এতে তার নায়িকা ছিলেন রোথী। ১৯৯৩ সালে এই সিনেমা মুক্তির আগেই বাদল খন্দকার তার প্রথম সিনেমা ‘দুনিয়ার বাদশা’য় আমিন খানকে নিয়ে অনেকটা চ্যালেঞ্জের সাথেই সিনেমাটি নির্মাণ করেছিলেন। এতে আমিন খানের সহশিল্পী ছিলেন শাবনূর।
চিত্রনায়ক আমিন খান চলচ্চিত্র জীবনের পথচলায় তিন দশক সময় পার করেছেন। ১৯৯৩ সালের পর থেকে আজ অবধি দর্শককে উপহার দিয়ে এসেছেন বহু সমাদৃত চলচ্চিত্র।
যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘হূদয় থেকে হূদয়’, ‘দুনিয়ার বাদশা’, ‘হূদয় আমার’, ‘শয়তান মানুষ’, ‘জনম জনম’, ‘আমার মা, ‘মনের মতো মন’, ‘রাঙ্গা বউ’, ‘সাগরিকা’, ‘তোমার আমার প্রেম’, ‘কে আমার বাবা’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘মগের মুল্লুক’, ‘কঠিন বাস্তব’, ‘ঠেকাও মাস্তান’, ‘লাল দরিয়া’, ‘পিতার আসন’, ‘হীরা চুন্নী পান্না’, ‘সমাধি’, ‘কাল্লু মামা’, ‘মুখোমুখি’, ‘বোনের জন্য যুদ্ধ’, ‘উত্তেজিত’, ‘ও আমার দেশের মাটি’, ‘অবতার’, ‘দুদু মিয়া’ ইত্যাদি।
আমিন খানের ভাষ্যমতে, তিনি এখন পর্যন্ত ১৭৩টি সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমায় তার বিপরীতে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, ঋতুপর্ণা সহ আরো অনেকেই অভিনয় করেছেন। আমিন খান অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আমিন খান বহু নাটকে, টেলিফিল্মেও অভিনয় করেছেন। বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি।
খুলনার সন্তান আমিন খানের বাবা রোখমান আলী খান ও মা আরজুদা খান। তার স্ত্রী স্নিগ্ধা খান। তার দুই সন্তান রাইয়ান খান ফারহান ও আজমাইন খান ঈশান। আমিন খান বিগত দশ বছর যাবত ‘ওয়ালটন’-এ কর্মরত। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডিরক্টের হিসেবে কর্মরত।
আমিন খান বলেন, ‘আমার চলচ্চিত্র জীবন পরবর্তী আমার চাকরি জীবন নিয়ে আমি আলহামদুলিল্লাহ, বেশ সন্তুষ্ট। আমি আমার আজকের অবস্থানের নেপথ্যে আমার চাচা আবু হাসান খান, প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন জেমী ভাই, বাদল খন্দকার ভাই সহ প্রতিটি সিনেমার প্রযোজক পরিচালক সহ সকল কলাকুশলীর কাছে কৃতজ্ঞ। আমার ভক্ত দর্শকের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার স্ত্রীর প্রতিও কৃতজ্ঞ। সে প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দেয়।’