উখিয়ায় পেটে ছুরিসহ ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় হাত ও পা বাঁধা এবং পেটে ছুরিসহ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ও টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রুমখাঁ চৌধুরীপাড়া এলাকার ধানক্ষেত থেকে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরনে লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। লাশের শরীরে পচন ধরেছে। 

উখিয়া থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম জানায়, বিকেলে ওই এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন সড়কের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পেটের নাভীর পাশে দুর্বৃত্তরা ছুরি মেরেছে। তার হাত-পা বাঁধা মুখে ও হাতে কালো রঙ লাগানো।

ওসি বলেন, ঘটনাস্থলে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।