সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই পোশাক শ্রমিকসহ তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং শুক্রবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জিরানী পুকুরপাড় এবং ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
কুটুরিয়া থেকে শাহিদা আক্তার (২২) জিরানী পুকুরপাড় থেকে রুবি আক্তার (৩০) এবং ইয়ারপুর ইউসুফ মার্কেট এলাকা থেকে জান্নাতি বেগমের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, শনিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এলাকার মোঃ ফারুকের ভাড়া বাড়ির একটি কক্ষে বাঁশের আড়ার সঙ্গে শাহিদা আক্তারের (২২) ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
নিহত শাহিদা আক্তার টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজোয়ারটেক গ্রামের মোঃ শাহিনুরের স্ত্রী। তিনি কুটুরিয়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া থেকে আগে তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে গত কয়েকমাস কর্মহীন ছিলেন।
থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ছুটি শেষে রুবির ছেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে মাকে ডাকাডাকি করতে থাকে। দরোজা বন্ধ থাকায় জানালা দিয়ে ঘরের ভিতরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পায়। এ সময় সে চিৎকার করলে প্রতিবেশীরা এসে বিষয়টি দেখে থানায় ফোন করে জানায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্থান্তর করে।
নিহত রুবি আক্তার ঢাকার ধামরাই উপজেলার চন্ডিশ্বর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তান নিয়ে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় ভাড়া থেকে ডিইপিজেড পুরাতন জোনের লেনী ফ্যাশনে চাকরি করতেন।
অন্যদিকে শুক্রবার রাতে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতাল থেকে জান্নাতি বেগম (১৯) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জলিল জানান, শুক্রবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ইদ্রিস সরকারের ভাড়া বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নারী শ্রমিক জান্নাতি বেগম। এ সময় তার স্বামী বাসায় ফিরে বিষয়টি দেখে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারপিট
নিহত জান্নাতি বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার সন্তোষপুর ইয়া মোল্লাপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে। তিনি স্বামী শফিকুলের সঙ্গে ভাড়া বাসায় থেকে আশুলিয়ার জেনারেশন নেক্সট তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু