ফের গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান? 

আল-কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে আকস্মিকভাবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল অনেকটা নাটকীয়তার সঙ্গে ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এএনবি) নির্দেশও দিয়েছেন। এর পরেই আজ শুক্রবার এ মামলায় জামিন পেতে আইএইচসি আদালতে হাজির হয়েছেন পিটিআই প্রধান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, শুনানি দেরিতে শুরু হলেও আইএইচসি-এর দুই সদস্যের বিশেষ ডিভিশন বেঞ্চ আদালত কক্ষ ছেড়ে চলে গেছেন। আইনজীবীদের ইমরানপন্থী স্লোগান শুরু হলে তারা শুনানি স্থগিত করে আদালত কক্ষ ত্যাগ করেন। 

dawn

এক ঘণ্টা বিলম্বের পর বিচারক হাসানমিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ ২ নম্বর আদালত কক্ষে শুনানি শুরু করেন। এদিকে শুনানির বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান। 

তিনি বলেন, যারা শ্লোগান দিয়েছেন তাদের সঙ্গে পিটিআইয়ের সম্পর্ক নেই। এরপর তিনি জিজ্ঞেস করেছেন, যিনি নির্বাচন চান তিনি কেন দেশে গণ্ডগোল চাইবেন। এসময় শঙ্কা প্রকাশ করে বাবর বলেন, পিটিআই প্রধানকে আবার গ্রেপ্তার করা হতে পারে। 

তিনি বলেছেন, পাঞ্জাব পুলিশকে ইসলামাবাদে ডেকে আনা হচ্ছে। ইমরান খানের এ আইনজীবী বলেন, যদি পাঞ্জাব পুলিশ পিটিআই প্রধানকে আবার গ্রেপ্তার করে তা হবে অসাংবিধানিক।