ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল, পটুয়াখালীতে তোলপাড় 

পটুয়াখালীর বাউফলে আসাদুজ্জামান বাবু মৃধা নামের এক ব্যক্তির ফেসবুক থেকে হাতের ওপরে আগ্নেয়াস্ত্র রেখে ছবি পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যে ওই আগ্নেয়াস্ত্রের ছবিটি ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করায় এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আসাদুজ্জামান বাবু মৃধা নামের ওই ফেসবুক আইডি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাপলাখালী এলাকার মো. মোফাজ্জেল মৃধা ওরফে মোফা মৃধার ছেলে আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু। 

Bauphal Pic-01(12.05.23)3344

তিনি তার নিজের আসাদুজ্জামান বাবু মৃধা নামের ফেসবুক থেকে হাতের ওপরে রাখা একটি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। কেন বা কি কারণে আগ্নেয়াস্ত্রের ছবি ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তা লেখা নেই। 

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, বাউফলে রাজনৈতিক গ্রুপিংয়ের ক্ষেত্রে ফেসবুকে ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রটি একটি গ্রুপের দমন পীড়নে সহায়ক ভূমিকা পালন করবে। ওই আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যে কোনো সময় প্রাণনাশের ঘটনা ঘটতে পারে। তিনি পুলিশ ও র‌্যাবকে অবৈধ অস্ত্রটি উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন। 

আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে সোহেল রানা বাবু বলেন, আমি ফেসবুক থেকে ওই আগ্নেয়াস্ত্রের ছবি সংগ্রহ করে টিকটক হিসেবে আমার ফেসবুক আইডিতে পোষ্ট করি। আমাকে কয়েকজন লোকে ওই ছবিটা পোস্ট করা ঠিক হয়নি বলে জানালে ডিলেট করে দেই। আসাদুজ্জামান নিজেকে স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজের সমর্থক দাবি করে বলেন, একটি পক্ষ আমাকে ফাঁসাতে চায়।

বাউফল থানার ওসি আরিফুল হক বলেন, বিষয়টি শুনেছি। আমরা অনুসন্ধান করে দেখছি।