‘অনুমতি’ না নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। তারই শাস্তি হিসেবে প্যারিস সেন্ত জার্মেই দুই সপ্তাহ নিষিদ্ধ করে আর্জেন্টাইন সুপারস্টারকে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা গোটা বিশ্বজুড়ে। পিএসজিও তাতে নড়েচড়ে বসে। তারই প্রতিফলন ক্লাবটির নতুন সিদ্ধান্তে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে মেসির। আগামীকালই (শনিবার) পিএসজির জার্সিতে নামছেন তিনি।
আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তোফে গালতিয়ের। তিনি জানিয়েছেন, অ্যাজাসিওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শুরু থেকেই মাঠে থাকবেন মেসি।
এই ইস্যুতে ব্যাপক সমালোচনা হয় পিএসজির। বিষয়টি হয়তো ফরাসি ক্লাবটি টের পেয়েছে। সেকারণেই গত সোমবার অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হয় মেসিকে। আর এখন জানা গেল, আগামীকালই মাঠে নামতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
তার মানে, মেসির দুই সপ্তাহের শাস্তি এক সপ্তাহেই শেষ হয়ে গেল। তাতে কি মেসির মন গলবে? কারণ চলতি মৌসুম শেষেই মেসির প্যারিস ছাড়ার জোর গুঞ্জন চলছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের নাম। মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাব আল হিলাল নাকি বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।