বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার দুরন্ত গতিতে ছুটছিল বসুন্ধরা কিংস। কোনো ক্লাবকেই পাত্তা না দিয়ে একের পর এক ম্যাচ জিতে চলছিল লিগের ম্যাচগুলোতে। তবে এবার কিংসের অপরাজেয় দৌড় থামাল বাংলাদেশ পুলিশ এফসি।
শুক্রবার (১২ মে) ময়মনসিংহ স্টেডিয়ামে কিংসকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ। একই দিনে ঐতিহ্যবাহী আবাহনীকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লিগের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী। অন্য ম্যাচে কিংস অ্যারেনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।
তবে এ হারের পরও শিরোপা নিজেদের করে রাখার পথেই আছে কিংস। লিগে এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে ১ হার এবং ১ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোটামুটি নিশ্চিতই আবাহনীর। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় শেখ রাসেল, চতুর্থ স্থানে শেখ জামাল আছে। শেখ রাসেল কম খেলেছে এক ম্যাচ।
চলতি মৌসুমে শুরু থেকেই ভালো ফর্মে ছিল কিংসরা, তবে তারা হঠাৎ ধাক্কা খায় গত মঙ্গলবার। সেদিন ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে হারে বিদায় নিতে হয় তাদের। সেই হারের ক্ষত না শুকাতেই গতকাল লিগে টানা ৩৫ ম্যাচ জয়ের পর হারের স্বাদ নিতে হয় অস্কারের শিষ্যদের। আর এদিন কিংসদের হারিয়েছে পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিও একাই। দুই অর্ধে তার দেওয়া দুটি দারুণ গোলেই বসুন্ধরা কিংসকে হারতে হয়েছে। এছাড়া কিংসের পক্ষ থেকে এক গোল পরিশোধ করেন রাকিব। তবে এতে শুধু কমেছে ব্যবধানই।
অন্যদিকে কিংসের হারের সুবিধা নিতে পারেনি আবাহনী। চলতি মৌসুমে ধুঁকতে থাকা দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরেছে ঢাকা আবাহনী। শুক্রবার মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে চট্টগ্রাম আবাহনী প্রথম হাফেই ঢাকা আবাহনীর জালে জড়িয়ে দেয় তিনটি গোল। এ সময় ঢাকা আবাহনী শোধ করতে পারে মাত্র একটি। পরে অবশ্য দ্বিতীয় হাফে আরো একটি গোল শোধ করতে সক্ষম হয় ঢাকা আবাহনী তবে এতে হার এড়াতে পারেনি তারা। এদিন চট্টগ্রাম আবাহনীর হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফেগো ওজুকো ডেভিড এবং দলের হয়ে অন্য গোলটি করেন ইকবাল হোসেন। এছাড়া এ ম্যাচে ঢাকা আবাহনীর হয়ে জোড়া গোল করে দলের সিরিয়ান ফুটবলার ইউসেফ মোহাম্মদ।