জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় জাকের পার্টি জনগণের পাশেই আছে। গণতন্ত্রের সাংগঠনিক ভিত মজবুত করণে দৃঢ় প্রতিজ্ঞ জাকের পার্টি।
সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জাকের পার্টির মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর বাছাইয়ের লক্ষ্যে সিলেট মহানগর জাকের পার্টি আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শামীম হায়দার বলেন, জাকের পার্টির চেয়ারম্যান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। তিনি ও তাঁর দল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত ও সংসদীয় ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।
কাউন্সিল অধিবেশন সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জাকের পার্টির সভাপতি জয়নাল আবেদীন। কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য এজাজুর রসুল ও সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলু।
জাকের পার্টি গাজীপুর সিটি নির্বাচনের লক্ষ্যে মেয়র প্রার্থী মনোনয়ন দিয়েছে উল্লেখ করে মহাসচিব বলেন, ইতোমধ্যে স্থানীয় নির্বাচনে গোলাপ ফুল মার্কায় জাকের পার্টির নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে জাকের পার্টির অঙ্গীকার তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলের মধ্য দিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থী বেছে নেয়া হয়েছে।
কাউন্সিলের শেষ পর্যায়ে সিলেট বিভাগ থেকে আমন্ত্রিত নেতাদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার সভাপতি নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলার সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলু, সিলেট জেলার সভাপতি এম এ হান্নান, মৌলভীবাজার জেলার সভাপতি মহিবুর রহমান আজাদ।