আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেই সাকিব, আফগান সিরিজ নিয়েও শঙ্কা 

আঙুলের চোটে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। কয়েক সপ্তাহের জন্য এই অলরাউন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে নয়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও সাকিবকে পাওয়া যাবে কি না এ নিয়ে শঙ্কা রয়েছে।

গতকাল চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের এক সহজ ক্যাচ ছাড়েন সাকিব। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব ক্যাচ ছাড়েন তো বটেই, চোট পান আঙুলে। পরে ওই চোট নিয়েই ব্যাটিং করেন সাকিব। ২৭ বলে ৫ চারে করেন ২৬ রান। যদিও এ দিন আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি। তবে শনিবার জানা গেছে, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি। আর এই ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

এ ব্যাপারে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘গতকাল (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় সাকিব তার ডান আঙুলের তর্জনীর উপরের ভাগে আঘাত পান। আজ (শনিবার) এক্স-রে রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়ে। এই ধরনের আঘাত সাধারণত সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগে। এই কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সাকিবকে পাওয়া যাচ্ছে না।’

এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে নয়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও সাকিবকে পাওয়া যাবে কি না এ নিয়ে শঙ্কা রয়েছে। কেন না জুনের দ্বিতীয় সপ্তাহে আফগানদের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।

যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি অবশ্য ভালো যায়নি সাকিবের। প্রথম ওয়ানডেতে ২০ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ২৬ রান করার পর বল হাতে ছিলেন উইকেটশূন্য।