সবসময় বর্তমানে থাকতে পছন্দ করি: আফিফ

জাতীয় দল থেকে জায়গা না হারালে আফিফ হোসেন ধ্রুব থাকতেন তামিম-সাকিবদের সঙ্গে ইংল্যান্ডে। অফ ফর্মের কারণে গেল তিন সিরিজ ধরে দলের সঙ্গে নেই। জাতীয় দলে না থাকায় বসে ছিলেন না, খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর গতকাল মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে শেখ জামালের বিপক্ষে দুর্দান্ত এক হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন আফিফ। ম্যাচ শেষে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় আফিফ জানান, কোনো কিছু নিয়ে প্রত্যাশা করেন না, পছন্দ করেন বর্তমান সময় নিয়েই ভাবতে।

জাতীয় দলে অফ ফর্মে থাকার কারণে জায়গা হারালেও ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ভালোই সময় কাটিয়েছেন আফিফ। আর তাতে করে প্রথমবারের মতো পেয়েছেন লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরি। এছাড়া শেষ দিনেও দলকে জেতাতে বড় ভূমিকা। তাই ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়, ‘জাতীয় দলে জায়গা হারিয়ে এমন খেলা নিজেকে প্রমাণ করার লড়াই কি না? জবাবে আফিফ বলেন, ‘আমি আসলে এত বেশি চিন্তা করতে পছন্দ করি না। আমি শুধু আমার খেলাটা খেলতে এসেছি। চিন্তা করেছি, যেন ভালো খেলতে পারি। অবশ্যই ভালো খেলতে পেরেছি। দল চ্যাম্পিয়ন হয়েছে। আমার অবদান ছিল, খুশি।’

এ সময় আবাহনীর হয়ে শিরোপা জেতা নিয়ে আফিফ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে তো সবারই ভালো লাগে। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের ওপেনার দুই জন পুরো টুর্নামেন্ট ভালো শুরু এনে দিয়েছে। যে কারণে আমাদের জিনিসটা সহজ হয়ে গেছে। আর মিডল অর্ডারে আমাদের মোটামুটি সব ব্যাটারই ছন্দে ছিল। এজন্য শিরোপা জেতা সম্ভব হয়েছে।’

গেল সিরিজগুলোতে জায়গা হারালেও কিছুদিন আগে নির্বাচকেরা বলেছেন আফিফ রয়েছেন তাদের নজরে। আসন্ন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে তিনি আবার ফিরে আসতে পারেন টাইগার স্কোয়াডে। তবে জাতীয় দলের বাইরে থাকলেও কিছুদিন আগে আফিফের কাঁধে পড়েছে এক গুরুদায়িত্ব। তাকে অধিনায়ক করে সাজানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাওয়া টাইগার ‘এ’ দল। এ প্রসঙ্গে গতকাল আফিফ জানান, ফোকাস করছেন সামনের খেলাগুলোতে। বলেন, ‘আমি কখনোই প্রত্যাশা রাখি না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। এখানে খেলাগুলোতে আমি ফোকাস করেছি। সামনে যে খেলাগুলো আছে, সেগুলোয় ফোকাস করব।’