অনলাইনে ভিউ বাড়াতে প্লেন দুর্ঘটনার নাটক, হতে পারে ২০ বছরের কারাদণ্ড

সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ পাওয়ার আশায় ইচ্ছা করে প্লেন দুর্ঘটনার নাটক সাজিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক ইউটিউবার। প্লেন বিধ্বস্ত করার আগে প্রথমে বিভিন্ন স্থানে ক্যামেরা লাগিয়ে সেই দৃশ্যধারণ করেন তিনি। এরপর প্রমাণ লোপাটের জন্য ধ্বংসাবশেষও সরিয়ে ফেলেন। তবে এত কিছুর পরেও শেষরক্ষা হয়নি। ঠিকই কর্তৃপক্ষের নজরে পড়ে যান তিনি। সেই ঘটনার জন্য বড় সাজার মুখে পড়তে চলেছেন ট্রেভর ড্যানিয়েল জ্যাকব নামের ঐ ইউটিউবার।

মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্বেচ্ছায় প্লেন বিধ্বস্ত করা এবং প্রমাণ লোপাটের দায়ে জ্যাকবকে দোষী সাব্যস্ত করা হবে। এমন কর্মকাণ্ডের পর জামিনে মুক্ত অবস্থায় আছেন ট্রেভর। তবে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।  অভিযুক্ত ইউটিউবার কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন, তিনি একটি মানিব্যাগের বিজ্ঞাপন প্রচারের জন্য তৈরি করা ভিডিওতে প্লেন বিধ্বস্ত করার পরিকল্পনা সাজান। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকব প্লেনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করেন এবং কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা সৃষ্টির জন্য সেগুলো নষ্ট করে ফেলেন। জ্যাকব ইউটিউবারের পাশাপাশি একাধারে পাইলট এবং স্কাইডাইভারও। ২০২১ সালের ২৪ নভেম্বর তিনি ওই কাণ্ড ঘটান। সেদিন সান্তা বারবারা কাউন্টির লোমপক সিটি বিমানবন্দর থেকে প্লেন নিয়ে আকাশে উড়েছিলেন ২৯ বছর বয়সি জ্যাকব। তবে কখনোই সেটি অবতরণের পরিকল্পনা ছিল না তার। জ্যাকব স্বীকার করেছেন, তিনি প্যারাস্যুট নিয়ে লাফ দেওয়া এবং প্লেন বিধ্বস্ত হওয়ার সময় ভিডিওধারণের পরিকল্পনা করেছিলেন। এজন্য প্লেনের বিভিন্ন স্থানে আগে থেকেই ক্যামেরা বসান এবং নিজের কাছে একটি ক্যামেরা ও সেলফি স্টিক রাখেন।

উড্ডয়নের প্রায় ৩৫ মিনিট পর সান্তা মারিয়ার কাছে লস প্যাড্রেস জাতীয় বনের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় জ্যাকব প্লেন থেকে লাফ দেন এবং প্যারাসুট নিয়ে মাটিতে নামার ভিডিও করেন। এরপর তিনি প্লেন বিধ্বস্ত হওয়ার জায়গায় যান এবং ঘটনার সব ভিডিও ডেটা সংগ্রহ করে স্থান ত্যাগ করেন। ঘটনার দুদিন পরে জ্যাকব ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডে দুর্ঘটনার কথা জানান। কিন্তু কর্তৃপক্ষের কাছে মিথ্যা বলেছিলেন যে, তিনি জানেন না দুর্ঘটনাস্থল কোথায়। অথচ প্রায় দুই সপ্তাহ পরে এক বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান এবং ধ্বংসাবশেষ তুলে নিয়ে সেগুলো ধ্বংস করেন।