সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসনে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না: এমপি নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনে এক ইঞ্চি কাঁচা রাস্তাও থাকবে না।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হলে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলা হবে ডিজিটাল উপজেলা। এখানকার জনগণ আমাকে ২০১৪ সালে ও ২০১৮ সালে এমপি নির্বাচিত করে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় সদরপুর উপজেলার আকটেরচর বাজার ভায়া হালিম চৌধুরীর ডাঙ্গী সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি নিক্সন বলেন, সদরপুর-চরভদ্রাসন সড়কের প্রশস্ত ও উন্নয়নে সাড়ে চারশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪৪টি সড়ক পাঁকা করণের প্রক্রিয়া চলছে। উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি নিক্সন। ছবি: ইত্তেফাক

আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসলাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল,  সদরপুর থানার ওসি সুব্রত গোলদার, ভাইস চেয়ারম্যান  মিজানুর রহমান শিকদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও দলের নেতাকর্মীরা।