২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথম বার ‘ডন’ বানিয়েছিলেন ফারহান আখতার। অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’-এর কাহিনির আদলে তৈরি হলেও এই সিনেমাটি তার নিজস্ব ধারাতেই তৈরি করেছিলেন ফারহান। ২০১১ সালে নির্মিত হওয়া ডনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সেই ছবির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। ৫ বছরের মধ্যেই দ্বিতীয় পর্ব তৈরি করে ফেললেও তার পরে ১২ বছর কেটে গিয়েছে। সেই ছবির তৃতীয় পর্ব আবারো বানাতে চলেছেন ফারহান আকতার। এমনটিই জানিয়ে দিলেন ছবির অন্যতম প্রযোজক রীতেশ সিধওয়ানি।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী জানা যায় ফারহান আকতার এবং রীতেশ সিধওয়ানির যৌথ প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হচ্ছে ‘ডন’ সিরিজের তৃতীয় পর্ব।
প্রতিবেদনে প্রকাশিত রীতেশের কথায়, ‘এখন ডনের পরের পর্বের চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। সেই কাজ শেষ হওয়ার আগে কোনও কথা নয়। সেই লেখা শেষ হলে আমরা ডনের পরের পর্ব নিয়ে আলোচনায় বসব। শুধু দর্শকরা নন, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি ডনকে আবার দেখার জন্য।’
রীতেশ এর আগেও ফারহানের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। তিনি ‘দিল চাহতা হ্যায়’, ‘রক অন’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ছবির প্রযোজকও। বর্তমানে তিনি সোনাক্ষী সিনহা অভিনীত একটি সিরিজের প্রযোজনা করেছেন। ‘দাহাড়’ নামের সেই সিরিজের প্রচার নিয়ে তিনি এখন ব্যস্ত। তবে তার মধ্যেই তিনি অত্যন্ত উত্তেজিত ‘ডন’-এর বিষয়টি নিয়ে। সে কথাও জানিয়েছেন প্রযোজক।