বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ। বাংলাদেশে শতাধিক ইকোনমিক জোন রয়েছে যা বিনিয়োগের উপযুক্ত এমনটা উল্লেখ করে বিদেশিদের কাছে তুলে ধরেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ক্রাউন প্লাজায় বাংলাদেশের জাতীয় দিবস ও ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পোঁছাবে বাংলাদেশ। সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। ফলে অনেকেই বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবে। স্মার্ট বাংলাদেশ গঠন এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মনসুর আইয়াদ আল ওতাইবি, কুয়েতে বিভিন্ন দেশের মিশনের রাষ্ট্রদূত, কূটনৈতিক, কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য, স্থানীয় প্রেস মিডিয়া ও বাংলাদেশের জাতীয় মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য প্রায় চার শতাধিক অতিথিরা উপস্থিত ছিলেন।