মা দিবসে নাভেদ পারভেজের শর্টফিল্ম

বিশ্ব মা দিবস উপলক্ষে শর্টফিল্ম নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীত পরিচালক নাভেদ পারভেজ। দিবসটি উপলক্ষে পৃথিবীর সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শর্টফিল্মটি নির্মাণ করেছেন এই নির্মাতা। 

অ্যা নাভেদ পারভেজ প্রডাকশনের ব্যানারে ও রাজ বিশ্বাস শংকরের নির্দেশনায় সাড়ে ৬ মিনিটের শর্টফিল্মে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের ট্রেন্ডিং বিষয়কে চিত্রায়িত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীত পরিচালক নাভেদ পারভেজ।

সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়ছে। সেখানে ব্যক্তি জীবনের নিজের অনুভূতি প্রকাশ করে থাকে। কিন্তু স্বাভাবিক জীবনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশের যে পার্থক্য সেটি শর্টফিল্মে তুলে ধরা হয়েছে। 

এছড়া শর্টফিল্মটিতে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তুলে ধরেছেন নির্মাতা নাভেদ পারভেজ। শর্টফিল্মটিতে নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তি জীবনকে একই ফ্রেমে এনে বিশ্ব মা দিবসে সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।  

গতবছর ‘পরাণ’ সিনেমায় ‘চলো নিরালায়’ গানটি দিয়ে বাংলাদেশে সিনেমার গানে জনপ্রিয়তা পান নাভেদ। এছাড়া গত রোজার ঈদে মুক্তি পাওয়া ৮টি সিনেমার মধ্যে শাকিব ও বুবলীর সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।