বিপদেই বন্ধুর পরিচয়। লিওনেল মেসির প্রতি বন্ধুত্বের সেই প্রমাণ অতীতেও অনেক বার দিয়েছেন নেইমার ও লুইস সুয়ারেজ। মেসির প্রতি নেইমার-সুয়ারেজ নিজেদের পরম বন্ধুত্বের প্রমাণ দিলেন আরো একবার।
পরশু শনিবার (১৩ মে) ‘নিষেধাজ্ঞা’ কাটিয়ে মাঠে ‘ফেরা’ মেসিকে পুরোটা সময় দুয়ো দিয়ে উত্যক্ত করেছেন পিএসজির উগ্রবাদী সমর্থকরা। দুয়ো শোনার দিনে বন্ধু মেসিকে নেইমার-সুয়ারেজ সমর্থন জানিয়েছেন ভিডিও কলের মাধ্যমে।
বার্সেলোনায় থাকতে দক্ষিণ আমেরিকার তিন তারকা শুধু যে ভয়ংকর এক আক্রমণ জুটিই গড়ে তুলেছিলেন তা নয়, তিন জনে মিলে গড়ে তুলেছিলেন পরম বন্ধুত্বের নজিরও। মেসি, নেইমার, সুয়ারেজ-তিন জনে মিলে যেন হয়ে উঠেছিল এক প্রাণ। তাদের সেই বন্ধুত্ব এখনো অটুট। বার্সেলোনা ছেড়ে মেসি-নেইমার তো পিএসজিতে একসঙ্গেই আছেন। ওদিকে বার্সা ছেড়ে সুয়ারেজ অ্যাতলেতিকো মাদ্রিদ, ন্যাসিওনাল ঘুরে এখন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে আছেন।
তবে দুজন প্যারিসে, একজন ব্রাজিলে থাকলেও আধুনিক প্রযুক্তির সুবাদে তিন জন সব সময়ই এক সুতোয় বাঁধা থাকেন। পরশু রাতেও যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমের সুতোতেই এক হয়ে গিয়েছিলেন তিন বন্ধু। ক্লাব পিএসজির বারণ সত্ত্বেও মেসি সপরিবারে সৌদি আরব সফরে গিয়ে বিতর্কের জন্ম দেন। যার জের ধরে তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি! সেই নিষেধাজ্ঞা অবশ্য কমিয়ে আনা হয়েছে। যে কারণেই পরশু আজাচ্চিওর বিপক্ষে ম্যাচটি খেলতে পেরেছেন মেসি। তবে সেজন্য মেসিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু ক্ষমা চাওয়ার পরও পরশু নিজ দলের সমর্থকদের দুয়ো হজম করতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। বন্ধু মেসির প্রতি পিএসজির উগ্রবাদী সমর্থকদের এই আচরণ ভালো লাগেনি নেইমারের।
চোটের কারণে ম্যাচ খেলতে না পারা নেইমার পরশু ম্যাচটা দেখেছেন গ্যালারিতে বসেই। দেখছিলেন মেসি বল পেলেই পিএসজির উগ্রবাদী সমর্থক গোষ্ঠী দুয়ো দিচ্ছে। বিষয়টি ভালো না লাগায় নেইমার ভিডিও কলে যুক্ত করেন আরেক বন্ধু সুয়ারেজকে। পরে দুজনে মিলে ভিডিও কলে খেলা দেখার মাধ্যমে মেসিকে সমর্থন জানান। পরে ভিডিও কলে নিজেদের কথোপকথনের একটা স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা তার ক্যাপশনে লেখেন, ‘একসঙ্গে আমাদের বন্ধুকে (লিও মেসি) দেখছি।’ নেইমারের সেই পোস্টে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ ভাষায় জানানো তার সেই প্রতিক্রিয়ার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘আমি সব সময়ই গ্রেটদের সম্মান করি।’