ভোলায় দৈনিক মিলেবে ২ কোটি ঘনফুট গ্যাস

ভোলা সদর উপজেলার ইলিশা-১ নামের নতুন কূপে তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষার শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ৭টার দিকে ৩ হাজার ২৫০ থেকে ৩ হাজার ২৫৪ মিটার মাটির গভীরে আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে গ্যাস উত্তোলনের এই পরীক্ষা শুরু হয়। 

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সে ) এর তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম এ উত্তোল কাজ করছে। আশা করা হচ্ছে নতুন এই গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২’শ বিসিএফ বা তার চেয়ে বেশি পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে।

এর আগে কূপটিতে গত ২৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে প্রথম ডিএসটির কার্যক্রম সফলভাবে শুরু করা হয় এবং ৭ মে দ্বিতীয় ডিএসটি শুরু হয়। সোমবার তৃতীয় স্তরের টেস্ট শুরু হলো। গত ৯ মার্চ সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়।

বাপেক্স’র মহাব্যবস্থাপক (ভূ-তাত্ত্বিক বিভাগ) মো. আলমগীর হোসেন জানান, সোমবার সকালে আমাদের তৃতীয় ডিএসটি সফলভাবে শুরু করা হয়েছে। মাটির নিচে গ্যাসের প্রেসারও বেশ ভালো রয়েছে। প্রথম দিন গ্যাসের প্রেসার রয়েছে ৩৪০০ পিএসআই। এই পরীক্ষামূলক গ্যাস উত্তোলন মোট ৭২ ঘণ্টা চলবে। চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে গ্যাস উত্তোলনের লক্ষ্যে কাজ শুরু হবে বলে ও জানান তিনি। পরবর্তীতে আরও কূপ খনন করা হবে। 

বাপেক্স সূত্র জানায়, নতুন এই গ্যাস ক্ষেত্রের কূপ নিয়ে জেলায় মোট ৩টি গ্যাস ক্ষেত্রের ৯টি কূপ রয়েছে। এগুলো হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ৬টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থর ২টি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা ১ কূপ। ভোলায় মজুদিকৃত গ্যাসের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ।