গ্রামের বাড়িতে চিত্রনায়ক ফারুকের জানাজা রাত ৯ টায়

বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান পাঠান দুলু ওরফে চিত্রনায়ক ফারুকের গ্রামের বাড়িতে মঙ্গলবার (১৬ মে) নামাজে জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হবে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ছোট ভগ্নিপতি ও চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান। 

তিনি বলেন, সন্ধ্যার দিকে ঢাকা থেকে চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান দুলু ওরফে ফারুকের পৈতৃক ভিটায় তার মরদেহ আনা হবে। সেখানে এলাকাবাসীর শ্রদ্ধা নিবেদনের পর সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে রাত ৯টায় নামাজে জানাজা শেষে ফারুকের বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হবে।

gazipur-1

তিনি আরও বলেন, বাড়িতে আনা হবে এ জন্য সকাল থেকেই বাড়ির উঠানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কবর খননের কাজও শেষ। যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানকার আয়োজনও সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি। 
 
চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।