বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় মরদেহবাহী এম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় চিত্রনায়ক ফারুকের মরদেহ। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করা হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হয়।
সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে নেওয়া হয় তার মরদেহ। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।
উল্লেখ্য, নায়ক ফারুক সিঙ্গাপুরের স্থানীয় সময় গতকাল সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।