ঋণে বাড়ি নির্মাণ, পরিশোধে ব্যর্থ হয়ে পৃথিবী ছাড়লেন যুবক

কুমিল্লার মনোহরগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্নহননের পথ বেছে নিয়েছে এক যুবক। রোববার (১৪ মে) বিকেলে উপজেলার নরহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ মে) ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সাদ্দাম হোসেন (২৭) একই গ্রামের বাসিন্দা।

নিহতের মা বরাত দিয়ে পুলিশ জানায়, সাদ্দাম প্রবাসে থাকাবস্থায় বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ করে। দেশে এসে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মানষিক চাপে পড়ে রোববার বিকেলে নির্মাণাধীন বিল্ডিংয়ে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। নিহতের বিষয়ে মনোহরগঞ্জ থানাকে জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মনোহরগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।