কুকুর কামড়েছে শচীনপুত্র অর্জুনকে

আইপিএলে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। অভিষেক ম্যাচে তেমন প্রভাব ফেলতে না পারলেও পরের দিকে খারাপ করেননি। যদিও কয়েক ম্যাচ ধরেই দলের বাইরে। তাহলে কি চোটে পড়েছেন? যদিও কিছুই জানায়নি তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। এতদিনে কারণটা জানা গেল। সেটাও প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টুইটার পোস্টে।

কুকুর কামড় দিয়েছে শচীনপুত্র অর্জুনকে। তবে কখন, কীভাবে কামড় দিয়েছে, সেটা জানা যায়নি। কুকুর কামড়ানোর তথ্যও প্রথম জানা গেছে লক্ষ্ণৌর পোস্ট করা ভিডিও থেকে। আজ (মঙ্গলবার) লক্ষ্ণৌয়ের মাঠে আতিথ্য নিয়েছে মুম্বাই। এই ম্যাচের আগে দলটির খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন মুম্বাই পেসার অর্জুন।

সেখানেই লক্ষ্ণৌয়ের পেসার যুধবির সিং তার শরীরের অবস্থা জিজ্ঞেস করেন। ওই সময়ই অর্জুন তাকে জানান, ‘আমাকে কুকুর কামড় দিয়েছে।’ কবে কামড় দিয়েছে? এমন প্রশ্নে অর্জুনের উত্তর, ‘একদিন আগে’।

এরপর কোথায় কামড় দিয়েছে, সেই জায়গাও দেখান অর্জুন। শচীনপুত্র বাঁহাতি খেলোয়াড়। ব্যাট-বল দুটোই করেন বাঁ হাতে। কুকুর কামড় দিয়েছে তার ওই হাতেই।

গত ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক অর্জুনের। শেষ ম্যাচ খেলেছেন গত ২৫ এপ্রিল, গুজরাট টাইটানসের বিপক্ষে। তারপর হঠাৎ করেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তিনি নেই। তাহলে কি আইপিএলের মাঝপথেই শচীনপুত্রকে ছেঁটে ফেলেছে মুম্বাই? এই জল্পনার মাঝেই এখন জানা গেল তার না থাকার কারণ।

এ পর্যন্ত আইপিএলে চার ম্যাচ খেলেছেন অর্জুন। ৯২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। গুজরাটের বিপক্ষে ৯ রানে ১ উইকেট তার সেরা পারফরম্যান্স। আজ লক্ষ্ণৌয়ের বিপক্ষে খেলার জোর সম্ভাবনা ছিল অর্জুনের। কিন্তু কুকুরের কামড়ে দর্শক হয়েই থাকতে হলো শচীনপুত্রকে।