ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়ার বাসিন্দা। তারা হলেন, ওই এলাকার মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।
বিষয়টি নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে গাছের ডাল ভেঙে সড়কের ওপর পড়ে ছিলো। মঙ্গলবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে কামারখালী থেকে বাগাট আসছিলেন। পথে সড়কের ওপর পড়ে থাকা ওই গাছের ডালের সঙ্গে থাক্কা খেয়ে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। ওই সময় মাগুরামুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী ওই তিন তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কানাইপুর হাইওয়ে থানার ওসি শহিদ বলেন, লাশ হাসপাতালে থেকে বুঝে নিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।