মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় পর্দা উঠেছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। এবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সম্প্রতি তার চলচ্চিত্র ‘সীতা রামাম’ দিয়ে ইতিমধ্যেই সবার হৃদয় জয় করেছেন তিনি। আর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আনন্দে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই অভিনেত্রী ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ম্রুনাল জানান, ‘আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে গ্রে গুজকে প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য উন্মুখ হয়ে আছি।’
জানা গেছে, ‘গ্রে গুজ’ নামের একটি ভদকা ব্র্যান্ডের দূত হয়ে কান সৈকতে হাজির হবেন ম্রুণাল ঠাকুর। তিনি ছাড়াও এবার ভারতের অনেক তারকা এই উৎসবে অংশ নিচ্ছেন।
২০১৯ সালের সিনেমা ‘সুপার ৩০’ দিয়ে নজরে আসেন ম্রুণাল ঠাকুর। এরপর শহিদ কাপুরের সঙ্গে ‘জার্সি’তে অভিনয় করে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেন। বর্তমানে তার হাতে ‘পূজা মেরি জান’, ‘পিপ্পা’, ‘লাস্ট স্টোরিজ ২’সহ বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।