শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি ফিরেছিলেন বলেই বাংলাদেশ এগিয়েছে। বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের সংকল্পে শেখ হাসিনার স্বদেশে ফেরার দিনটি ইতিহাসের এক বড় সূচনাক্ষণ নতুন অধ্যায়। বঙ্গবন্ধুকন্যার রাজনৈতিক জীবনের পরতে পরতে সংগ্রাম ও বিচক্ষণতা। তার সংগ্রামী নেতৃত্বে ১৯৯৬ সালে রাষ্ট্রের শাসনক্ষমতা ফেরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের হাতে। সেই থেকে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ মে) শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন বাংলাদেশে ফিরেছিলেন সেদিন প্রকৃতিও অঝর ধারায় কেঁদেছিল। সেইদিন রাজপথ-এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল ঝড়বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সঙ্গে।
ইকবাল হোসেন অপু বলেন, বাংলাদেশ অন্য কারও নেতৃত্বে পরিচালিত হলে দেশ পিছিয়ে যাবে, অস্থিতিশীল হয়ে পড়বে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় শরীয়তপুর জেলা, সদর, পৌরসভা আওয়ামী লীগ-ছাত্রলীগ- যুবলীগ- স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।