চলতি বছরেই অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দল কেমন হবে, সবার চোখ এখন সেদিকে। সবশেষ ডিপিএলে ব্যাট হাতে ছন্দে ছিলেন নাইম শেখ ও এনামুল বিজয়। তারাও ভাবনায় আছেন বিশ্বকাপ দলে। বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে তার কিছুটা আভাস দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন কারা থাকবে দলে, তাহলে বলব তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। তবে কে আসবে আমি জানি না। আমার ধারণা ওপেনিংয়ে তারা (বাড়তি) একজনকে নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’
দলে কয়জন পেসার থাকবে সে প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার ধারণা তিনজন পেসার একাদশে থাকবে, এটা নিশ্চিত। সাকিব যদি থাকে, তার বাইরে একজন স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপে খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, ইবাদত ও মুস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলাতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তার মানে ছয়জন বোলার নিয়ে খেলাতে চায়। তাহলে বাড়তি স্পিনার লাগবে, সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।’