মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

মাদারীপুর শহরের থেকে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (১৯ মে) সকালে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আবদুস সোবাহান খান (৫২) বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির, তিনি মাদারীপুর পৌরসভার পুরানবাজার এলাকার বাসিন্দা, তার বাড়ি সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। এছাড়া তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, জামায়াতের আমিরকে থানায় আনা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

বিস্তারিত পরে জানানো হবে জানান এই পুলিশ কর্মকর্তা।