কুড়িগ্রামের চিলমারী উপজেলার ইরবাত ইবনে ফারিয়া (রা.) হাফেজি মাদ্রাসার মো. নাঈম হাসান (১২) নামে এক ছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে চিলমারীর সীমান্তবর্তী উলিপুর উপজেলার দক্ষিণ সাদুল্যা এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রের বড় ভাই মো. রাসেল মিয়া শনিবার কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ইরবাত ইবনে ফারিয়া (রা.) হাফেজি মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে নাঈম পড়ালেখা করতো। নিখোঁজ হওয়ার এক দিন আগে গত ১৭ জুন নাঈম মাদ্রাসা থেকে কুড়িগ্রামের কালিরহাটে দাদার বাড়িতে যায়। এরপর ১৮ জুন বিকেলে দাদার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই নাঈমের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার (২২ জুন) কুড়িগ্রাম সদর থানায় ওই ছাত্রের বড় ভাই জিডি করেন।
নাঈমের বাবা মো. মঞ্জু মিয়া বলেন, 'বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা নাঈমকে উদ্ধারের চেষ্টা করছে।'
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান বলেন, 'দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।'
ইত্তেফাক/জেডএইচডি