মাথা নোয়াব না, শেষ বল পর্যন্ত লড়ে যাব: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি সরকারের দমন-পীড়নের কাছে মাথা নোয়াবো না। বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইমরান বলেছেন, আমি ক্যাপ্টেন ছিলাম। তাই শেষ বল পর্যন্ত লড়াই করে যাব। গতকাল শুক্রবার সন্ত্রাসবাদের তিন মামলায় আগাম জামিনের পর সাংবাদিকদের এসব কথা বলেন ইমরান খান।

লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে তিন মামলায় আগাম জামিন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ মে গ্রেফতারের পর সেনানিবাসসহ পাকিস্তান জুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনার তিন মামলায় গতকাল আগাম জামিন পেলেন পিটিআই চেয়ারম্যান।

জামিনের পর সাংবাদিকদের ইমরান বলেন, গত ৩৫ বছরে দেশে এমন দমন-পীড়ন আমি দেখিনি। তার দাবি, মনে হচ্ছে দেশে বর্তমান মানবাধিকার এবং মৌলিক অধিকারের কবর রচিত হয়েছে। কেবল আদালত আমাদের মৌলিক অধিকারকে সুরক্ষা দিচ্ছে। ঐতিহাসিক দমন-পীড়নেও মাথা না নোয়ানোর অঙ্গীকার করেন ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

বাসভবনে তল্লাশি হয়নি

ইমরান খানের বাসভবনে গতকাল তল্লাশি হওয়ার কথা থাকলেও হয়নি। পুলিশের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার লাহোরে ইমরান খানের বাসভবনে যায়। তারা ইমরান খানের সঙ্গে তল্লাশি নিয়ে আলোচনা করেন। এমনকি সামরিক স্থাপনায় হামলায় জড়িতদের তালিকাও দেখায় প্রতিনিধিদল। পুলিশ তল্লাশির পরোয়ানাও সঙ্গে করে নিয়ে যায়। তবে প্রায় এক ঘণ্টার বেশি আলোচনায়ও তল্লাশির সিদ্ধান্ত হয়নি। ইমরান খান তল্লাশির অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রতিনিধিদল ফিরে যায়। তারা পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইমরান খানের সঙ্গে আলোচনার সারবস্তু তুলে ধরবেন বলে জানিয়েছেন। এর আগে জানা গিয়েছিল যে, জামান পার্কে তল্লাশি হয়েছে। 

তবে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর জানিয়েছেন, ইমরান খানের বাসভবনে কখন ও কীভাবে তল্লাশি চালানো হবে সেই বিষয়ে আলোচনা করতে পুলিশের একটি প্রতিনিধিদল গিয়েছিল। মিডিয়ায় তল্লাশির যে খবর দেওয়া হয়েছে তা মিথ্যা বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। ইমরান খানের সহযোগী ইফতেখার রসুলও জানিয়েছেন, সরকারের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় পিটিআই সন্তুষ্ট। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

তবে প্রতিনিধিদল যে সন্ত্রাসীর তালিকা নিয়ে কথা বলেছিল, সেগুলো মিথ্যা বলেও দাবি করেন তিনি। পিটিআই যখনই আসবে তখন স্বাগত জানাবে বলেও জানান ইফতেখার। এর আগে বৃহস্পতিবার আমির মীর জানিয়েছিলেন, ‘সরকার ইমরান খানের সঙ্গে সংঘর্ষে যেতে চায় না। পুলিশের একটি প্রতিনিধিদল জামান পার্কে গিয়ে খান সাহেবের সঙ্গে তল্লাশির বিষয়ে কথা বলবে।’

সেনা স্থাপনায় হামলার নিন্দা

পাকিস্তানের সামরিক বাহিনীর স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন ইমরান খান। একই সঙ্গে হামলার তদন্তে একটি স্বাধীন এবং নিরেপক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। এর আগে প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খানকে হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিলেন। 

বৃহস্পতিবার লাহোরের জামান পার্ক এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, সম্প্রতি লাহোরে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা কে করছে না? একজন পাকিস্তানির নাম বলুন যে, এ ঘটনার নিন্দা করছে না। তিনি বলেন, সবাই তার নিন্দা করছে, আমিও নিন্দা জানাচ্ছি, কিন্তু দুঃখজনক হলো, এই হামলার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে পিটিআইকে দায়ী করা হচ্ছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

৭০ বছর বয়সি পাকিস্তানের বিরোধীদলীয় নেতা বলেন, ‘সামরিক বাহিনীর ভবনটি পুড়িয়ে দেওয়ার পর আমাদের ওপর ইচ্ছাকৃতভাবে দোষ চাপানোর চক্রান্ত চলছে। গত ২৭ বছর ধরে রাজনীতি করছি। এই গোটা ক্যারিয়ারে আমি কি কখনো দাঙ্গা-হাঙ্গামা কিংবা জ্বালাও-পোড়াও আন্দোলনের পক্ষে কোনো কথা বলেছি? আমি বরাবরই আইন ও সাংবিধানিক কাঠামোর মেনে শান্তিপূর্ণ বিক্ষোভ-আন্দোলনের পথে পিটিআইকে চালিত করেছি।’ ইমরান বলেন, একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হলে ‘প্রকৃত সত্য’ বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।—জিও টিভি ও আলজাজিরা