২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত

ভারতে ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বদলে নেওয়ার বা জমা দেওয়ার সুযোগ থাকবে। শুক্রবার (১৯ মে) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এনডি টিভির এক প্রতিবেদনে বলা হয়, ২৩ মে থেকে তাদের ১৯টি আঞ্চলিক কার্যালয়ের পাশাপাশি অন্যান্য ব্যাংকে ২০০০ রুপির নোট বদলে বাজারে চলমান নিম্ন মূল্যের নোট সংগ্রহ করা যাবে। নিম্নমূল্যের ওই নোটগুলো বাজারে বৈধ হিসেবে প্রচলিত থাকবে। তবে একজন একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপির সমপরিমাণ ২০০০ রুপির নোট বদলাতে পারবেন।

ভারতের ২০০০ রুপির নোট

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে চালু থাকা ২০০০ রুপির এ নোট আপাতত বৈধ থাকবে। গ্রাহকরা ব্যাংকে এ নোট জমা দিয়ে অন্য নোট নিতে পারবেন কিংবা তাদের অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।

২০১৬ সালে ৮ নভেম্বর দিনগত রাতে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। বিষয়টি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এ নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। সাত বছরের মাথায় এবার দুই হাজার রুপির নোট তুলে নিচ্ছে একই সরকার।

ভারতের ২০০০ রুপির নোট

সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২০০০ রুপির নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর যথেষ্ট জোগান আছে। তাই ২০১৮-১৯ সালে ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।