আইপিএল শুরুর আগে থেকেই ঘুরেফিরে আসছে প্রশ্নটা। প্রতিযোগিতাটি শেষ পর্যায়ে থাকায় আগ্রহ আরও চরমে। এবারই কি তাহলে শেষবার আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি? মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ফাইনালে ওঠার পরও একই প্রশ্নের মুখে পড়তে হলো এই উইকেটকিপারকে। যদিও ভবিষ্যৎ স্পষ্ট করলেন না চেন্নাই অধিনায়ক।
তারপরই কি ধোনির বিদায়? গুজরাটকে হারানো পর প্রশ্নটা আবার উঠলো। যদিও ভারতীয় সাবেক অধিনায়ক জানালেন, এখনই তিনি অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান না। আরও কয়েক মাস পর জানাবেন ভবিষ্যতের কথা।
হার্শা ভোগলে পরে সেভাবেই প্রশ্নটা করেন ধোনিকে। তখন চেন্নাই অধিনায়কের উত্তর, ‘আমি জানি না পরের বছর ফিরবো কিনা (আইপিএলে)। এখনও সিদ্ধান্ত নিতে ৮ থেকে ৯ মাস সময় আছে।’
তবে খেলোয়াড় হিসেবে না থাকলেও আইপিএলে ঠিকই থাকবেন ধোনি। আর সেটা চেন্নাইয়ের সঙ্গেই। হলুদ জার্সির সমর্থকদের আশ্বস্ত করলেন তিনি এভাবে, ‘আমি সবসময় চেন্নাইয়েই থাকবো। সেটা খেলোয়াড় হিসেবে হতে পারে, আবার অন্য কোনও ভূমিকাতেও হতে পারে।’