‘ভয় পাবেন না, আমরা অর্থনৈতিকভাবে স্বাস্থ্যবান আছি’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো কারণ নেই। আমরা অর্থনৈতিকভাবে স্বাস্থ্যবান আছি। 

বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে হল রুমে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আরও অনেক কাজ বাকি রয়েছে।

m a mannan-2

তিনি আরও বলেন, হাওরের জলাভূমিতে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ আরও অনেকে।