পায়ুপথে বাতাস ঢুকিয়ে চাতাল শ্রমিককে হত্যার অভিযোগ

এক চাতাল কল শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার নেত্রকোনার পূর্বধলায় শফিকুল ইসলাম নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম নেত্রকোনা সদর উপজেলার বাগড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। গত শনিবার সন্ধ্যায় পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামের শাহ সুলতান অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, লাল মিয়ার শাহ সুলতান অটো রাইস মিলে শফিকুল ইসলাম ও স্থানীয় বৌলাম গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে রনি শ্রমিকের কাজ করত। শনিবার সন্ধ্যায় শফিকুল কাজ শেষে ওই মিলের একটি পানির ট্যাপে হাত-মুখ ধুচ্ছিল। এসময় বাতাসের কারণে তার পরনের লুঙ্গি উপরে উঠে যায়।

এ সুযোগে রনি কৌতুহলী হয়ে চাতাল কলের হাওয়ার মেশিনের নল শফিকুলের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে শফিকুলের পেটের ভিতরে বাতাস ঢুকে পড়লে সে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সে মারা যায়।

পূর্বধলা থানার আওতাধীন শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে রবিবার বিকেলে শফিকুলের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।    

ইত্তেফাক/জেডএইচ