'স্মলি চলে গেলে মেয়েদের ফুটবল শেষ হয়ে যাবে' 

শারীরিক ও মানসিক ক্লান্তির পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে নারী দল থেকে পদত্যাগ করেছেন প্রধান গোলাম রব্বানী ছোটন। সোমবার (২৯ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চিঠিও দিয়েছেন ছোটন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা সাফজয়ী এই কোচ চলে গেলেও প্রধান কোচের শূন্যস্থান অপূরণীয় নয় বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বরং টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি চলে গেলে মেয়েদের ফুটবল শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাফুফে প্রধান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

ছোটনের পদত্যাগের বিষয়ে এক সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, 'ছোটন একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। কিন্তু সে ইরিপ্লেসেবল (অপূরণীয়) নয়। পল স্মলি ইজ ইরিপ্লেসেবল (অপূরণীয়)। স্মলি যদি আজ চলে যায়, মেয়েদের ফুটবল শেষ হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'আমি ছোটন ও অন্যদের কৃতিত্ব কেড়ে নিচ্ছি না। তবে নারী ফুটবলে সাফল্যের মূলে রয়েছে স্মলির প্রচেষ্টা। সে-ই নারী ফুটবলারদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য আমাকে চাপ দিয়ে যাচ্ছে। আমি যদি তার জায়গায় একজন স্থানীয় কোচ রাখি বা তাকে তার অবস্থান থেকে সরিয়ে দেই, আমি বাজি ধরে বলতে পারি যে মেয়েরা আগামী এক বছরে ফুটবলে কোনো ট্রফি জিততে পারবে না।'