২৬ জনের ‘প্রি-সিরিজ’ ক্যাম্প, এ সিরিজেও নেই মাহমুদউল্লাহ

আসন্ন আফগান সিরিজকে কেন্দ্র করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ‘প্রি-সিরিজ’ ক্যাম্প। এ ক্যাম্পে রয়েছে ২৬ জনের প্রাথমিক দল। তবে এখানে নেই টাইগার অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের নাম। এখনো এই সিরিজের দল ঘোষণা করা হয়নি তবে জানা গেছে এ সিরিজেই থাকছে মাহমুদউল্লাহ। তিনি ছুটি নিয়েছেন হজের জন্য।

টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছুটি এখনো শেষ হয়নি তাই সোমবার থেকে শুরু হওয়া ‘প্রি-সিরিজ’ ক্যাম্পের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুসিংহের ঢাকায় আসার কথা রয়েছে ৩ জুন। এদিন মাঠে অনুশীলন করতে দেখা গেছে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেনকে। এ ছাড়া প্রি-সিরিজ ক্যাম্পের পাঁচ জন ক্রিকেটার আছেন সিলেটে ‘এ’ দলের সঙ্গে। অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, ‘প্রি-সিরিজ ক্যাম্পে যা হয়, সাধারণত একটা সিরিজের আগে যদি সময় থাকে, তখন আমরা এমন একটা ক্যাম্প করি। এরপর যখন যে সংস্করণে খেলা হয়, তখন সে সংস্করণটাকে গুরুত্ব দিয়ে এগোতে হয়। আমাদের এখন ২৬ জনের দল দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন ‘এ’ দলে আছে। বাকিরা এখানে আছে। কারণ, ‘এ’ দলের খেলা আছে। ৩ তারিখে (জুনের) খেলা শেষ হলে দু-এক দিন বিশ্রাম নিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। তখন আমাদের সবাই একসঙ্গে অনুশীলন করবে।’

এদিকে গত মার্চ মাসে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ড সিরিজের পর থেকেই টাইগার স্কোয়াডের বাইরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেট থেকে তো বিদায় নিয়েছেন আগেই। টি-টোয়েন্টি দলেও জায়গা হারিয়েছেন গত বছর। এরপর শুধু ওয়ানডে দলেই ছিলেন। কিন্তু গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়ানডে দল থেকে ‘বিশ্রাম’ দেওয়া হয় তাকে। সেই বিশ্রাম চলতে থাকে এই মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়ও। আশা করা হচ্ছিল ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে অনুষ্ঠিত হতে যাওয়া ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে হয়তো মাঠে নামতে দেখা যাবে তাকে। তবে তাও হচ্ছে না। আফগান সিরিজে মাহমুদউল্লাহর না থাকার কারণ হিসেবে সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) আমাদের কাছে ছুটির আবেদন করেছে, সে হজে যাচ্ছে। ২২ জুন থেকে ৫ জুলাই হজে থাকবে। আমরা সেটা অনুমোদন দিয়েছি। হজের পর সে ক্যাম্পে যোগ দেবে। তবে ওয়ানডে সিরিজ সে মিস করবে। প্রথম ম্যাচই ৫ জুলাই।’ঘোষিত বাংলাদেশ-আফাগানিস্তান সিরিজের সূচি অনুসারে একমাত্র টেস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে ১৪ জুন। এরপর আফগানরা ভারতে যাবে। এরপর আবার চট্টগ্রামে এবং সিলেটে খেলবে বাকী দুটি সিরিজ। যার মধ্যে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫,৮ এবং ১১ জুলাই। এছাড়া  বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়ানডে খেলবে কেবল সেপ্টেম্বরে এশিয়া কাপ ও নিউ জিল্যান্ডের সঙ্গে সিরিজ। দুটিই একদম বিশ্বকাপের আগে। ঐ দুই আসরে বিশ্বকাপ দলটিরই খেলার সম্ভাবনা প্রবল। তাই আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে না থাকা মানে মাহমুদউল্লাহর জন্য কিছুটা বিশ্বকাপ দলের জায়গা পাওয়ার শঙ্কা দাঁড় করায়। তবে জালাল ইউনুসের মতে এ সিরিজে না খেলার সঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া না  পাওয়ার কোনো ইস্যু নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘দেখুন, এটা খুব স্পর্শকাতর ইস্যু। সে হজ পালন করতে চাচ্ছে, আমরা সবাই চাই। এখানে সবাইকে আপস করতেই হবে। হজ পালন করা আমাদের মুসলমানদের জন্য ফরজ। সে একটা ফরজ কাজ করতে যাচ্ছে, সেখানে তো অবশ্যই আমাদেরও সাপোর্ট দিতে হবে, বিবেচনায় নিতে হবে। সেখানে সেদিক থেকে তার হ্যাম্পার হওয়ার কথা নয়।