সার্কাস দেখার জে‌রে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরে সার্কাস দেখার জে‌রে দুই গ্রামবাসীর ৩ ঘণ্টা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২ মে) রাতে সদর উপজেলার হাউসদী বাজারে এ ঘটনা ঘটে। 

আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

tala gora-2

জানা গেছে, কয়েক দিন আগে সার্কাস দেখা নিয়ে মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের লোকদের সঙ্গে দুর্গাবর্দী গ্রামের লোকদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাফর খান, এমরান হাওলাদার, লিটু খান, রহমান খান, হুমায়ুন বেপারী, জাফর আলি খাসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়।

এদের মধ্যে টেঁটাবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় ৩ ঘণ্টা। তুচ্ছ ঘটনার জেরে অনেকের ঘরবাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।