‘ঢাকাকে বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ কর‍তে হবে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার খালগুলো দখল হয়ে যাচ্ছে। আগে খালগুলো সিএস দাগ অনুযায়ী অনেক চওড়া ছিল। বর্তমানে মহানগর জরিপে খালগুলো ছোট হয়ে গেছে। ঢাকা শহরকে বাঁচাতে হলে মহানগর জরিপ নয়, সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে। এটি আমার দাবি, কাউন্সিলরদের দাবি। আমি জনগণকে আহ্বান করছি আসুন আমরা সিএস দাগ অনুযায়ী খালগুলো উদ্ধার করি। 

বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর মিরপুরে রূপনগর খাল সংলগ্ন লিংক রোডের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

352499008_7608565622597375_6814587600319444279_n

আতিকুল ইসলাম বলেন, সরকারের কাছে দাবি নদীর সীমানা যদি সিএস দাগ অনুযায়ী হয় খালের সীমানাও সিএস দাগ অনুযায়ী হতে হবে। সিএস দাগ অনুযায়ী যেখানে ১১০ ফিট চওড়া খাল ছিল মহানগর জরিপে সেটি ১০ ফিট হয়ে গেছে। কতিপয় অসাধু লোকজন বাকি ১০০ ফিট দখল করে ফেলেছে। খাল এভাবে দখল হওয়ায় নগরের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে।

রূপনগর খালে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, আগামী এক বছরের মধ্যে রূপনগর খালের ৬টি ব্রিজ উঁচু করে পানির প্রবাহ নিশ্চিত করে নৌ চলাচলের ব্যবস্থা করা হবে। খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। শিশুদের জন্য খালের পাড়ে ছোট ছোট পার্কও করে দেওয়া হবে। মিরপুরে ডিএনসিসির অঞ্চল-২’র পুরনো অফিসে ওয়ার্ড কমপ্লেক্স করে দেওয়া হবে। ওয়ার্ড কমপ্লেক্সে একই ভবনে সব সেবা পাবে জনগণ।

জনগণকে অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উন্নয়ন কাজের জন্য অর্থের প্রয়োজন। তাই আমি অনুরোধ করছি আপনারা নিয়মিত ট্যাক্স পরিশোধ করুন। তবে ট্যাক্স দিতে এখন আর সিটি করপোরেশনে যেতে হবে না। ঘরে বসে অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন।’

350090020_191787797159972_8396939692127293176_n

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি ঘোষণা দিয়েছিলাম যে ওয়ার্ড দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে সেই ওয়ার্ডকে পুরস্কৃত করব। পুরস্কার স্বরূপ রূপনগর খালের লিংক রোডের উন্নয়ন কাজের জন্য পনেরো (১৫) কোটি টাকা বরাদ্দ দিয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, উনার প্রত্যক্ষ দিক নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ করা হবে। আজকে থেকে এই রোডের কাজ শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে। আপনারা এলাকাবাসী এই কাজে সহযোগিতা করবেন, তদারকি করবেন। ঠিকাদার ঠিকমতো কাজ করছে কিনা সেটি খেয়াল রাখবেন।’