মৌলভীবাজারের কুলাউড়ায় খালে পড়ে যাওয়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটিতে উদ্ধারকাজ আপাতত বন্ধ আছে। উল্টে পড়ে থাকা ট্রেনের বগির ভিতরে উদ্ধার অভিযান চালানোর জন্য স্থানীয় মানুষের ভিড় কমাতে আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকারী কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
খালে পড়ে থাকা ট্রেনের ২টি বগিতে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছিলো স্থানীয় মানুষ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছিলো। উদ্ধার অভিযানে ৭টি মৃতদেহ এবং প্রায় ৩৫ জন ব্যক্তিকে আহত উদ্ধার করা হয়।
নিহত ৭জনের মৃতদেহ কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেরিভাগ মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তাদের হাত ও পা ভাঙা সহ বুকে ব্যাথাও পেয়েছেন অনেকে।
আরও পড়ুন: মৌলভীবাজার এলাকায় এতবড় ট্রেন দুর্ঘটনা এর আগে ঘটেনি
ইতিমধ্যে বিজিবি এসে পৌছেছে ঘটনাস্থলে। স্থানীয় মানুষের চাপ নিয়ন্ত্রণ করতে এবং ট্রেনের যাত্রীদের মালামাল সুরক্ষায় আইনশৃংখলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। উপবনের উদ্ধারকাজ কিছুক্ষণের মধ্যে পুনরায় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু