রাজধানীতে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও কলকাতার ইনফরমেশন সেন্টার উদ্বোধন

রাজধানীতে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও কলকাতার ইনফরমেশন সেন্টারের ঢাকা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জুন ) বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডের হ্যাভেলি সেন্টারের তৃতীয় তলায় এই ইনফরমেশন সেন্টারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের পূর্বাঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রানা দাশগুপ্ত।

অনুষ্ঠানে রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশের রোগীদের সেবা ও সহযোগিতায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের যেকোনো ধরনের তথ্য এখন ঢাকা বসুন্ধরার এই ইনফরমেশন সেন্টার থেকেই পাওয়া যাবে।‘

তিনি আরও বলেন, ভিডিও কল, টেলিকনফারেন্সসহ প্রাথমিক সব চিকিৎসা সুবিধা বাংলাদেশি রোগীদের নাগালের মধ্যেই এনে দেবে এই ইনফরমেশন সেন্টার। ফলে চিকিৎসাপ্রার্থীরা পূর্বেই একটি প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। এছাড়া চিকিৎসাক্ষেত্রে যাবতীয় সার্বিক সহযোগিতা বিনামূল্যে প্রদান করা হবে।'

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওক হেলথকেয়ারের সিইও এম এম মাসুমুজ্জামান।

উল্লেখ্য, সিওক হেলথকেয়ার ঢাকা মেট্রোপলিটন এলাকায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, কলকাতার একমাত্র ইনফরমেশন সেন্টার, যা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, কলকাতার ইনফরমেশন সেন্টার রয়েছে, যা সিওক হেলথকেয়ারের মাধ্যমে পরিচালিত হয়।