সাঁথিয়ায় চুরির অভিযোগে কিশোরকে মারপিট, অভিমানে আত্মহত্যা

পাবনার সাঁথিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে মারপিটের ঘটনায় অভিমানে আত্মহত্যা করেছে মাসুম (১৭) নামে এক কিশোর। এ ঘটনায় রবিবার গভীর রাতে সাবেক উপজেলা পরিষদ সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মোবাইল ব্যবসায়ী বনগ্রাম গ্রামের শ্রী অজয় দাসের ছেলে শ্রী অশিস (২১) ও ক্ষেতুপাড়া ইউপির সাবেক সদস্য আমজাদ হোসেন (৫০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে উপজেলার মিয়াপুর গ্রামের রশিদের ছেলে মাসুমকে (১৭) মোবাইল চুরির অভিযোগে স্থানীয় বাবুর সহপাঠীরা মারপিট করে। অভিমানে ওই দিন সকালে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাসুম। ঔই দিন রাতে সাঁথিয়া থানায় মাসুমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:  বিএনপির কার্যালয়ের পাশে ৫টি ককটেল বিস্ফোরণ

থানা সূত্রে জানা যায়, মোবাইল চুরির ঘটনায় মারপিটের সময় আমজাদ হোসেন ঘটনাস্থলে ছিলেন। চুরিকৃত মোবাইল আশিস দাসের নিকট বিক্রয় করেন মাসুম। মামলার সার্বিক তদন্তের সাপেক্ষে দুই আসামিকে আটক করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুর রহমান। তিনি আরও বলেন, 'বাকি আসামিদের গ্রেফতারে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে।'

ইত্তেফাক/জেডএইচডি