শেষ দিনের প্রচারণায় শোডাউনের নগরী বরিশাল

প্রচার ও প্রচারণার শেষ দিন শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত নগর জুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন নির্বাচনী প্রার্থীরা। নগরীর সদর রোড বিভিন্ন সড়কে মিছিলের শ্লোগানে মুখোরিত ছিল। এতে করে শোডাউনের নগরীকে পরিণত হয়েছিল প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বরিশাল শহর। 

সরেজমিনে শহর জুড়ে দেখা গেছে, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত জন হলেও চার জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে।

আওয়ামী লীগের নৌকার নতুন মুখের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ, দীর্ঘদিন নির্বাচনী মাঠে থাকা জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম ও স্বতন্ত্র দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল আহসান রূপন এরমধ্যে সকলেই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

তবে শেষ দিকে ও শনিবার চার প্রার্থী ছাড়াও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার, হাতী প্রতীকের মো. আসাদুজ্জামানও শোডাউন করেন।

এ নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১১৬ জন সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ওয়ার্ডগুলোতে জমজমাট শো-ডাউন।

শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবুল খায়ের আব্দুল্লাহ নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা, নবগ্রাম রোড, পলাশপুর, বেলতলাসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে নগরীর সদর রোডে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীনসহ স্থানীয় নেতারা গণসংযোগ করেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চাঁদমারি এলাকায় প্রচার-প্রচারনা ও লিফলেট বিতরণ করেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস। এসময় তাপস অভিযোগ করেন লাঙলের জোয়ারে ভীতু ওরা তাই নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা গুজন ও ভয় দেখানোর চেষ্টা করছে।

নগরীর চাঁদমারি এলাকায় প্রচার-প্রচারনা ও লিফলেট বিতরণ করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস। ছবি: ইত্তেফাক

লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, নেতা ও কর্মীদের নানাভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে। খবর আসছে রাতের গভীরে গোয়েন্দা সংস্থার কিছু ব্যক্তি বস্তি এলাকার ঘরে ঘরে দুই হাজার টাকা করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন সিইসি আমরা জানতে চাই।

দুপুর ১২টার দিকে নগরীর পোর্ট রোড কলাপট্টি এলাকায় গনসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।

তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে হাতপাখার বিজয় সুনিশ্চিত। এখন পর্যন্ত নির্বাচনী মাঠ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নগরীর পোর্ট রোড কলাপট্টি এলাকায় গনসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। ছবি: ইত্তেফাক

পুলিশ জানায়, এবারের সিটি নির্বাচনে মোট ১২৬টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। নির্বাচন উপলক্ষে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিযুক্ত করা হয়েছে। এরমধ্যে ২৩শ পুলিশ রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব টহল টিমের সঙ্গে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন। এছাড়াও ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। একটি সাধারন ভোট কেন্দ্রে মোট ১৬ জন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহীনির সদস্য থাকবে। এর মধ্যে পুলিশের একজন এসআই/এএসআইসহ চার জন। আনসার সদস্যের ১০ জন এর মধ্যে ছয় পুরুষ  ও চার নারী সদস্য থাকবে। আর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে মোট ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্য থাকবে।

আগামী ১২ জুন বরিশাল সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের সিটি নির্বাচনে ৩০ ওয়ার্ডে ১২৬টি ভোটকেন্দ্রে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ ও পুরুষ এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।