আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ বিষয়ক গবেষণা কর্মের জন্য ২০২৩-২৪ বছরের স্নাতক শিক্ষার্থী ফেলোশিপ বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
রবিবার এআইবিএসের প্রেসিডেন্ট এবং ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজ ও সংগঠনটির সিনিয়র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছরের এআইবিএস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ তারেক হাসান। এছাড়া আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতজন বাংলাদেশী পিএইচডি গবেষককে স্নাতক শিক্ষার্থী গবেষণা ফেলোশিপও প্রদান করেছে।
স্নাতক ফেলোশিপপ্রাপ্ত অন্যান্য শিক্ষার্থীরা হলেন, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেন এর সাদিয়া আশরাফি, ইউনিভার্সিটি অফ টেক্সাসের সামিরা বাশার, রোবায়েত খন্দকার, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির পারভেজ রহমান, ইউনিভার্সিটি অফ উইসকনসিন-মিলওয়াকির মানিয়া তাহের, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সালওয়া হক এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন এর শরীফ ওয়াহাব।
ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে এআইবিএস বাংলাদেশী একাডেমিকদের পেশাদার উন্নয়নের সুযোগ তৈরি করে থাকে এবং বাংলাদেশ বিষয়ক নতুন-নতুন গবেষণা উদ্যোগকে সহায়তার মাধ্যমে বাংলাদেশ স্টাডিজকে এগিয়ে নিতে চায়।
এআইবিএস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপ-এর জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আবেদন পেয়েছি যেটি দেখে অত্যন্ত আনন্দিত। এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিষয়ক গবেষণা নিয়ে আগ্রহ বৃদ্ধির প্রতিফলন।
অধ্যাপক রীয়াজ আশা করেন যে, আগামী বছরগুলোতে এআইবিএস ফেলোশিপ কর্মসূচির আওতা আরও বাড়াতে সক্ষম হবে। এআইবিএস বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমিয়ার পারস্পরিক যোগাযোগ এবং বোঝাপড়ার বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির একটি কনসোর্টিয়াম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ নিয়ে কাজ করার একমাত্র সমন্বয়ক সংস্থা।
বর্তমানে, ২৮টি মার্কিন বিশ্ববিদ্যালয় এআইবিএস-এর সদস্য। এছাড়া ২৫টি বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার জন্য এআইবিএস বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এআইবিএস আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টার্স কাউন্সিল এর সদস্য।