ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) ত্রিমুখী সংঘর্ষে আলিম উদ্দীন (৫৫) ও আবুল হোসেন (৬৭) নামে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও চার জন।

রোববার (১১ জুন)  দুপুরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরআজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)। আহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬), রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দীন (৫৫) ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।