শিশু অপহরণকারীকে আটক করল জনতা

কুষ্টিয়ার মিরপুরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের সময় ফয়সাল (২৫) নামের এক অপহরণকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই স্কুলছাত্রের নাম জিসান। সে কাতলামারী এলাকার আশিকুল ইসলামের ছেলে এবং কাতলামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আটক অপহরনকারীর নাম ফয়সাল। তার বাড়ি নারায়ণগঞ্জে।

আরও পড়ুন: ৫০ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রত্যক্ষদর্শী ফেরো আলী জানান, স্কুল ছুটির পর সহপাঠী নাসিম ও বাশারের সঙ্গে জিসান বাড়ি যাচ্ছিল। পথে অপহরনকারী ফয়সাল আইসক্রিম খাওয়ানোর কথা বলে জিসানকে নিয়ে বাসে উঠতে যায়। এ সময় নাসিম ও বাশার চিৎকার করে সবাইকে ডাকলে আমরা ছুটে গিয়ে ফয়সালকে আটক করি এবং জিসানকে উদ্ধার করি। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে নিয়ে যায়। 

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/অনি