কোক স্টুডিওতে ইমনের জাদু

‘কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমরা শিল্পীরা একটা প্লাটফর্ম পেয়েছি, যেখানে সংগীতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা ও নিরীক্ষা করতে পারি। আর দর্শক-শ্রোতারাও আমাদের সঙ্গে একটি মন্ত্র ও মুগ্ধকর যাত্রায় সামিল হতে পারেন। বিভিন্ন ধারার এমন প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাজ করা আমার জন্য খুব অনুপ্রেরণামূলক ছিল।’

কথাগুলো বলেছিলেন কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান ‘কথা কইয়ো না’ গানটির সুরকার ও সংগীত প্রযোজক ইমন চৌধুরী।

শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে গানটি। এই গানে শহুরে রোমান্টিকতার সঙ্গে ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকার মিশ্রণ করা হয়েছে। প্রিয়জনের সঙ্গে দেখা করার আকুতি ফুটে উঠেছে দুই ধাঁচের কথা ও সুরে।

এর আগে ইমন হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি নতুন আয়োজনে সামনে আনেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। এতে কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু। ‘হাওয়া’ সিনেমায় ব্যবহূত এই গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি শোবিজ মহল থেকে একেবারে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, সবার কাছেই ছড়িয়ে পড়ে এরফান মৃধা শিবলু ও হাশিম মাহমুদের নাম। সেই ধারাবাহিকতায় এই তিনজন আবারও এক হলেন।

হাশিমের আরও একটি গান উঠে এলো শিবলুর কণ্ঠে। যথারীতি এবারও মিউজিকের কাজটি সামলেছেন ইমন। তবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে লোকসংগীতশিল্পী আলেয়া বেগম।

এরফান মৃধা শিবলু বলেন, আমি হাশিম ভাইয়ের সঙ্গে প্রায় ২০ বছর ধরে কাজ করছি। তার গানের কথা খুব সাধারণ কিন্তু তা হূদয়কে ছুঁয়ে যায়। এমন জনপ্রিয় একটি প্লাটফর্মে তার লেখা গান গাইতে পেরে আমি খুব আনন্দিত।

আলেয়া বেগম বলেন, এই গানে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি ময়মনসিংহ গীতিকাকে তুলে এনেছি। শহুরে সুরের সঙ্গে আমাদের লোকসংগীতের শেকড়কে মিশিয়ে জাদুকরী একটা গান তৈরি করেছি। এই গানের সঙ্গে সবার মন নেচে উঠবে বলে আমার বিশ্বাস।

গানটিতে শিবলু ও আলেয়ার সঙ্গে দলীয় পরিবেশনাও রয়েছে। শিবলুর সঙ্গে আছেন আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে ব্যাক ভোকালের দল, অন্যদিকে আলেয়া বেগমের নেতৃত্বে নারী বাউলদের অর্কেস্ট্রা।