আফগানিস্তান ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তিন ফরম্যাটের ক্রিকেটেই দলকে বোলিংয়ে নেতৃত্ব দেন এই লেগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রশিদকে। দলের তারকা এই ক্রিকেটারকে ছাড়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।
সোমবার (১২ জুন) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রশিদের না থাকা প্রসঙ্গে শহিদি বলেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।’
এর আগে টেস্টে একবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আফগানিস্তান। সেই টেস্ট থেকেই অনুপ্রেরণা পাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘সেই টেস্টটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। এখানে একটা টেস্ট খেলেছি, সেটাই জিতেছি। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব, গত ম্যাচ থেকে অনুপ্রেরণা নেব।’